মামলা করার পরও সাংবাদিক পিয়াসের ওপর হামলা ও ছিনতাই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার পর আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। দ্বিতীয় ঘটনায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছুরি দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

সাংবাদিক পিয়াস জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ২৩ নভেম্বর বিকেলে ওই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন তিনি। তবে মামলা করার পরও নিরাপত্তা পাননি বলে অভিযোগ করেন পিয়াস।

তিনি জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন। রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। এলাকাটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

পিয়াসের ভাষ্য, দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি আহত হন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর আগে প্রথম ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুইবার ছিনতাই ও হামলার শিকার হয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।