নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে জাগো নিউজ। জানা গেছে, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।

অভিনেত্রী মোমেনা চৌধুরী জাগো নিউজকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন মামুনুর রশীদ।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই নাট্যব্যক্তিত্বকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।
পাঁচ দশকের নাট্যজীবন
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি দেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন।

১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার নাট্যচর্চার সূচনা হয়।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’।

‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন এই বরেণ্য অভিনেতা।