মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

লিওনেল মেসি মাঠে না থাকলেও থামেনি ইন্টার মায়ামির জয়ের ধারা। চোটের কারণে স্কোয়াডে না থাকা এই মহাতারকার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। তাদের নৈপুণ্যে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। অপরদিকে, আর্জেন্টাইন মিডফিল্ডার দি পল করেন সমতাসূচক গোল।

প্রথমার্ধের শেষ দিকে সুয়ারেজের বুদ্ধিদীপ্ত পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন দি পল, যা চলতি বছরে তার প্রথম গোল। এরপর দ্বিতীয়ার্ধে আলেন্দের গোলেও ভূমিকা ছিল সুয়ারেজের। অন্যদিকে, মেক্সিকোর ক্লাব পুমাসের একমাত্র গোলটি করেন জর্জ রুভালকাবা।

এই জয়ে লিগস কাপের গ্রুপ পর্বে ২ জয় ও ১ ড্রয়ে (টাইব্রেকারে জয়) ৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকার (এমএলএস) ও লিগা এমএক্স থেকে সেরা চারটি দল শেষ আটে খেলবে।
মেসিহীন মায়ামি সেখানে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে রেখেছে আগেভাগেই।