অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: সুষ্ঠু নির্বাচনই প্রধান লক্ষ্য


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা, ৭ আগস্ট  – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “গত ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম, যেখানে প্রধান কাজ হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”

প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।”

প্রেস সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে মোতায়েনকৃত ৮ লাখ সদস্যের পাশাপাশি আরও ৫০ হাজার নতুন সদস্য যোগ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর মোতায়েন ৬০ হাজার থেকে বাড়ানো হবে।

এদিকে, দ্বিতীয় অধ্যায়ে নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি সংস্কার ও বিচার বিভাগীয় কাজও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুটি অভিনন্দন প্রস্তাবও গৃহীত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সময়সীমার মধ্যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।