:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা, ১০ আগস্ট : আগামী সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডি-ওয়্যার্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অক্টোবরের মধ্যে এসব ক্যামেরা ক্রয় সম্পন্ন করা হবে। পুলিশ সদস্যদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এই ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, “সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে একটি বিশেষ ‘ইলেকশন অ্যাপ’ চালুরও ঘোষণা দেওয়া হয়। এই অ্যাপে ভোটাররা প্রার্থী তথ্য, ভোটকেন্দ্রের আপডেট পাবেন এবং অভিযোগ দাখিল করতে পারবেন। সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সাথে ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী দিনে পুলিশ সদস্যরা বুকে এই বডিক্যাম পরেই দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :