সাবেক ভূমিমন্ত্রীর সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের জব্দ সম্পত্তি বিক্রি, ব্যাংক ঋণ শোধের উদ্যোগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে, এবং বাংলাদেশি কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, তিনি ব্রিটেনে ৩০০-এর বেশি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিক, যার মোট মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সাইফুজ্জামানের নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রোপার্টি কোম্পানি বিক্রি করা হচ্ছে। এ তদন্ত শেখ হাসিনার ভাগনি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকসহ আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের অংশ। অভিযোগ রয়েছে, সাইফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিদেশে অবৈধ অর্থ পাচার করেছেন।

গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার লন্ডনের বিলাসবহুল সম্পদ জব্দ করে, যার মধ্যে সেন্ট জনস উডের ১১ মিলিয়ন পাউন্ডের বাড়ি ও ফিৎসরোভিয়ার ফ্ল্যাট রয়েছে। তবে সাইফুজ্জামান দাবি করেছেন, তার সম্পদ বৈধ এবং এটি রাজনৈতিক হয়রানি। গ্রান্ট থর্নটন কোম্পানি এখন তার সম্পদ বিক্রি করে ব্যাংকগুলোর ৩৫০ মিলিয়ন ডলার দেনা শোধ করছে।

এদিকে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতির মামলা চলছে। তার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে অবৈধভাবে জমি অর্জনের অভিযোগ আনা হয়েছে, যা তিনি “হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগ নেতাদের যুক্তরাজ্যে সম্পদ কেনার তদন্ত করছে। গত সপ্তাহে আদালত টিউলিপ, শেখ হাসিনা ও ২৫ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।