বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতায় স্বাক্ষর, জোরদার হচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

কুয়ালালামপুর, ১১ জুন – বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও উচ্চশিক্ষাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকের পর এ সমঝোতাগুলো সম্পন্ন হয়।

স্বাক্ষরিত সমঝোতাগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং ব্যবসায়িক কাউন্সিল গঠন। এছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে তিনটি নোট বিনিময় করা হয়।

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত আগস্টে বাংলাদেশ সফর করেছিলেন এবং এবার তার আমন্ত্রণে ড. ইউনূসের সফরটি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। তার এই সফরে পররাষ্ট্র, জ্বালানি ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।