যমুনা সেতু থেকে তুলে ফেলা হচ্ছে রেলপথ, বাড়বে সড়ক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেলপথ অপসারণের কাজ শুরু হয়েছে। নতুন রেলওয়ে সেতু চালু হওয়ায় প্রায় তিন মাস ধরে এই রেললাইন ব্যবহার হচ্ছিল না। রেলওয়ে সূত্রে জানা গেছে, পুরো কাজ শেষ হতে প্রায় দুই মাস সময় লাগবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, গত ১৮ মার্চ যমুনা সেতুর ৩০০ মিটার উত্তরে নতুন রেলওয়ে সেতু চালু হওয়ার পর থেকে মূল সেতুর রেলপথটি অব্যবহৃত ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী এটি এখন সরিয়ে ফেলা হচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন অপসারণের পর সেতুর সড়ক অংশ প্রসারিত করা হবে। যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “এতে সড়কের প্রস্থ প্রায় সাড়ে তিন মিটার বাড়বে। বর্তমান ৬.৩ মিটার পথ বেড়ে ৮ মিটার হবে, যা যানজট কমাতে সাহায্য করবে।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে উদ্বোধনের পর ২০০৪ সালে যমুনা সেতুতে রেল পরিষেবা চালু হয়। তবে ট্রেনের চাপে সেতুর ক্ষতি হওয়ায় ২০২০ সালে নতুন রেলসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু গত মার্চে চালু হয়।