:: নিজস্ব প্রতিবেদক ::
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। ‘সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি’ হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার কুয়ালালামপুরের ইউকেএম অডিটোরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির হাত থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন ড. ইউনূস। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউনূস বলেন, ‘‘সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্ভব।’’ মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ইউনূসের সফরসঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। এ অবদানের জন্য ২০০৬ সালে তিনি ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
গত জুলাইয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ছাত্রনেতাদের আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূস ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। তার এই নতুন ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :