শিক্ষকদের চূড়ান্ত আলটিমেটাম: ১৫ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারকে জাতীয়করণসহ তাদের দাবি মেনে নেওয়ার জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছে। বুধবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের পর জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস ও ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতিসহ ধাপে ধাপে আন্দোলন তীব্র করা হবে। দাবি না মানলে ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে শুরু হবে অনির্দিষ্টকালের অবস্থান।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জোট নেতারা জানান, মন্ত্রণালয় ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি ও চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে। শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া ও বিনোদন ভাতা।

এর আগে বুধবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা না করে পুলিশের সহায়তায় একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। জোট নেতারা স্পষ্ট করে দিয়েছেন, এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবেন, যার প্রথম ধাপে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ধর্মঘট কর্মসূচি।