:: নিজস্ব প্রতিবেদক ::
এসেনসিয়াল ড্রাগস কম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, কাঁচামাল যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করায় ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে। দাম কমানো ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধ।
ইডিসিএলের তালিকায় ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, সেফট্রিয়াক্সোন ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা করা হয়েছে। গ্রামীণ ক্লিনিকে সরবরাহকৃত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দামও হ্রাস পেয়েছে, যার মধ্যে রয়েছে প্যারাসিটামল, সালবিউটামল, মেটফর্মিনসহ বিভিন্ন সাধারণ ওষুধ।
সংবাদ সম্মেলনে সামাদ মৃধা জানান, প্রতিষ্ঠানের উৎপাদনক্ষমতার তুলনায় দুই হাজারের বেশি অতিরিক্ত অদক্ষ কর্মী ছিল, যাদের মধ্যে ৭২২ জনকে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে। তিনি দাবি করেন, অনেকের জাল সনদ পাওয়া গেছে এবং তারা কোনো কাজ করত না। প্রতিষ্ঠানের স্বার্থে আরও এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :