১২ দিনে রেমিটেন্সে রেকর্ড: ১০৫ কোটি ডলার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই প্রবাসী কর্মীরা দেশে প্রেরণ করেছেন ১০৫ কোটি ডলার (১.০৫ বিলিয়ন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের আগস্টে প্রথম ১২ দিনে রেমিটেন্স এসেছিল ৭২.১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২৪৭ কোটি ডলার প্রেরণ করেন। জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স আসে ৩৫৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। ডলারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণ এবং প্রবাসীদের জন্য প্রণোদনা এই বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

রেমিটেন্স বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, অন্যদিকে আমদানি ও বকেয়া বিল পরিশোধের চাপ কম থাকায় ডলারের চাহিদা তুলনামূলকভাবে কম। এই পরিস্থিতিতে গত জুলাই মাস থেকে ডলারের দরপতন পরিলক্ষিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স প্রবাহ এই ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।