:: নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত ১২টার পর শুরু হওয়া এই অভিযানে ধলাই নদীর তীরবর্তী এলাকা থেকে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেরত দেওয়া হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে এই অভিযান সফল হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধার ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতভর সিলেট নগরী ও ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে বেশ কয়েকটি সন্দেহভাজন ট্রাক আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, লুটের পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এই অভিযান সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। গত কয়েক মাস ধরে সংঘটিত পাথর লুটের ঘটনায় পর্যটনকেন্দ্রটি তার আকর্ষণ হারিয়েছিল। উদ্ধারকৃত পাথর পুনরায় ধলাই নদী ও সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে, যা এলাকার পরিবেশ ও পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :