:: নিজস্ব প্রতিবেদক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এই রোডম্যাপে নির্বাচনী প্রক্রিয়া শুরু থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সব ধাপের সময়সূচি উল্লেখ থাকবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
ইসি সচিব জানিয়েছেন, রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার এবং নির্বাচনী সরঞ্জাম সংগ্রহসহ সব প্রস্তুতিমূলক কাজের সময়সীমা উল্লেখ থাকবে। ২০০৮ সাল থেকে নির্বাচনের আগে এ ধরনের রোডম্যাপ প্রকাশের রীতি চলে আসছে। গত নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ প্রকাশ করেছিল তৎকালীন ইসি।
বর্তমান ইসি ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য করে প্রাথমিক কর্মপরিকল্পনা করেছিল। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হওয়ায় সেই পরিকল্পনা সংশোধন করা হচ্ছে। ১৮ আগস্ট ইসির একটি বৈঠকে চূড়ান্ত পরিকল্পনা অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :