সবজির দাম চড়া, বেশির ভাগ ৬০-৮০ টাকার ওপরে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মোহাম্মদপুর, আগারগাঁও ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন কেজিতে ৮০ টাকার ওপরে। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের – যা এখন কেজিতে ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, তিন সপ্তাহ আগেও যা ৬০-১৪০ টাকার মধ্যে পাওয়া যেত। আমদানিকৃত টমেটো ১৬০-১৮০ টাকা, করলা-বরবটি ১০০-১২০ টাকা এবং পটোল-ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, বর্তমানে বৃষ্টির মৌসুম হওয়ায় দেশে সবজি উৎপাদন কমেছে। তিনি বলেন, “অক্টোবর থেকে নতুন মৌসুম শুরু হলে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।” বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার সবজির দাম ২০-৩০ টাকা বেশি। শাকের দামও বেড়েছে – লাউশাক এখন ৪০-৫০ টাকা এবং পুঁইশাক ৩০-৪০ টাকা প্রতি মুঠো।

সাধারণ ক্রেতারা জানান, দাম বৃদ্ধির কারণে তারা অল্প পরিমাণে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। কারওয়ান বাজারের এক ক্রেতা বলেন, “সপ্তাহে দুই দিন মাছ-মাংস ছেড়ে শুধু সবজি খেয়ে সংসার চালাতে হচ্ছে।” ৫০ টাকার নিচে শুধু মিষ্টিকুমড়া, পেঁপে ও কাঁচকলা পাওয়া গেলেও পুষ্টিকর শাকসবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি সংকট মোকাবেলায় বছরব্যাপী সবজি চাষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা পরামর্শ দেন, নগর কৃষি এবং হাইড্রোপনিক পদ্ধতির মতো বিকল্প চাষাবাদ পদ্ধতি বাড়ানো গেলে বাজারে সবজির সরবরাহ বাড়ানো সম্ভব। এছাড়া কৃষক পর্যায়ে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করলে মৌসুমের বাইরেও সবজির সহজলভ্যতা বাড়ানো যেতে পারে।