:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে, বাবার কর্মস্থলে। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে।
জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ ও রাজনীতিতে প্রবেশ
১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এই দম্পতির দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ সংগ্রামের পর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া।
রাজনৈতিক উত্থান-পতন ও বর্তমান অবস্থা
খালেদা জিয়া পরবর্তীতে আরও দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের সময় ও ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান এবং গত বছরের ৫ আগস্ট তার সাজা বাতিল করা হয়। চলতি বছরের ৮ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এবং চার মাস পর ঢাকায় ফিরে গুলশানের বাসভবনে অবস্থান করছেন।
জন্মদিনের অনুষ্ঠান ও দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে দলীয়ভাবে কেক কাটার কোনো আয়োজন থাকছে না, যা কয়েক বছর ধরে বন্ধ রয়েছে তার নির্দেশে। তবে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :