সিলেটে পাথর লুটের মামলায় গ্রেপ্তার ৫


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে সাদাপাথর লুটের ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এর আগে অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী ভোলাগঞ্জের গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুট করেছে। তাদের পরিচয় এখনো অজানা। এ ঘটনায় খনি ও খনিজ সম্পদ আইন, ১৯৯২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি কোয়ারি থেকে পাথর লুট করা খনি আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধির ৩৭৯ ও ৪৩১ ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ এখন গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আসামিদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।