:: নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি চাই না।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিএনপিসহ কোনো দলের সঙ্গেই তারা আসন ভাগাভাগি করবেন না।
হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “এক বছরে কেউ প্রমাণ করতে পারলে আমরা রাজনীতি ছাড়ব।” বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিবাদের পাঠ্যবই’ আখ্যা দিয়ে তিনি বলেন, “৫ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই ব্যবস্থা ব্যর্থ। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া যাবে না।”
এনসিপি নেতা নির্বাচন দ্রুত হওয়ার পক্ষে মত দিলেও তা যেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হয় সে ব্যাপারে জোর দেন। তিনি বলেন, “নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি যেকোনো সময় নির্বাচন হোক, কিন্তু পুরোনো নিয়মে নয়। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, রেফারি যেন খেলোয়াড় না হয়।” সভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :