:: নিজস্ব প্রতিবেদক ::
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের অফিস-বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি টেলিফোনের মাধ্যমে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ নির্দেশনা জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত আদেশ বা ই-মেইল পাঠানো হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
দায়িত্বশীল এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট দূতরা নিজেদের এলাকার অন্যান্য মিশনকে বিষয়টি জানাচ্ছেন এবং ছবি সরানোর তদারকি করছেন। তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু মিশন এখনও এই নির্দেশনা পায়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে। একাধিক মিশন সূত্রে জানা যায়, নির্দেশনা প্রাপ্তির বিষয়টি স্বীকার করা হলেও এর পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কূটনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করছেন, আবার কেউ মনে করছেন এটি একটি রুটিন আদেশ। সরকারের উচ্চপর্যায় থেকে এই নির্দেশনা কেন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন থাকলেও বিষয়টি এখনও অস্পষ্টই রয়ে গেছে।
আপনার মতামত লিখুন :