:: নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
খলিলুর রহমান বলেন, গত বছর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সব সদস্য দেশকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানালে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়। তিনি উল্লেখ করেন, এই সম্মেলন আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এবং ১০৬টি দেশ কো-স্পন্সর হিসেবে সমর্থন দিয়েছে। এতে বোঝা যায়, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন এখন শক্তিশালী অবস্থানে রয়েছে।
নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক অ্যাজেন্ডা থেকে খসে পড়ছিল, কিন্তু বাংলাদেশের জোরালো কূটনৈতিক প্রচেষ্টায় এটি পুনর্বহাল হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গৃহীত হবে। এদিকে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখলেও তাদের টেকসই প্রত্যাবাসনের ওপরই জোর দিচ্ছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :