:: নিজস্ব প্রতিবেদক ::
একটি হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে যাত্রাবাড়ী থানায় মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম নাসির উদ্দিন সাথীর গ্রেফতার নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, যার তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। নাসির উদ্দিন সাথীকে করা হয়েছে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি। এছাড়া মামলায় নাম না জানা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি তদন্তের পর্যায়ে রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, “মামলায় যাদের নাম রয়েছে, তাদের সকলের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পরই স্পষ্ট হবে কে জড়িত আর কে নন।” এ ঘটনায় মাই টিভির কর্মকর্তারা এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
আপনার মতামত লিখুন :