:: নিজস্ব প্রতিবেদক ::
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মুহূর্তেই বন্ধ করতে পারেন। তবে এজন্য ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, “জেলেনস্কি যদি চান, যুদ্ধ এখনই থামতে পারে। কিন্তু ক্রিমিয়া আর ফিরে পাওয়া যাবে না এবং ন্যাটোতেও ইউক্রেনের প্রবেশাধিকার নেই।”
ট্রাম্পের এ বক্তব্য এসেছে এমন সময়, যখন তিনি সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, “ইউক্রেন যদি দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়, তাহলে শান্তিচুক্তি সম্ভব।”
ইউরোপীয় নেতারা ইতোমধ্যে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন, এটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাকবিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তবে জেলেনস্কি আশাবাদী যে, পশ্চিমা সমর্থন রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করবে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সোমবারের বৈঠকে ইউরোপীয় নেতারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করবেন এবং ভূখণ্ড বিনিময়ের যেকোনো প্রস্তাবের বিরোধিতা করবেন। এদিকে, রাশিয়া জানিয়েছে যে তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত, তবে মস্কোর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পুতিন ইউক্রেনকে “শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা” দিতে রাজি হয়েছেন, যদিও ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :