:: নিজস্ব প্রতিবেদক ::
২০২৪-২৫ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। সোমবার সংস্থাটির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা ও যাত্রীসেবার উন্নয়নের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি টাকা মুনাফা করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছিল জাতীয় এই পতাকাবাহী এয়ারলাইন্স।
১৯৭২ সালে মাত্র ১.৯০ কোটি টাকা আয় নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে আধুনিক ও প্রতিযোগিতামূলক একটি বিমান সংস্থায় পরিণত হয়েছে। চলতি অর্থবছরে সংস্থাটির মোট আয় দাঁড়িয়েছে ১১,৬৩১.৩৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রতিষ্ঠানটির বর্তমান বহরে ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। এছাড়া দেশেই বিমানের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করার সক্ষমতা সংস্থাটির ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরে বিমান ৩.৪ মিলিয়ন যাত্রী ও ৪৩,৯১৮ টন কার্গো পরিবহন করেছে, যার কেবিন ফ্যাক্টর ৮২ শতাংশে উন্নীত হয়েছে। সংস্থাটির জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ইন-ফ্লাইট সেবা ও লাগেজ ব্যবস্থাপনার উন্নয়ন যাত্রীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। ভবিষ্যতে নতুন রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়ার লক্ষ্য রয়েছে বিমানের।
আপনার মতামত লিখুন :