ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই তালিকার বিরুদ্ধে দাবি-আপত্তি গ্রহণ করা হবে। ইসির উপ-সচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এই সময়সূচি জানানো হয়েছে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আইনে ভোটকেন্দ্রের তালিকা নির্বাচনের ২৫ দিন আগে গেজেট প্রকাশের বিধান রয়েছে। এই বিধান মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করা হচ্ছে। এই খসড়া তালিকা প্রকাশের পর জনগণ ও সংশ্লিষ্টদের কাছ থেকে আপত্তি ও দাবি নেওয়া হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১২ অক্টোবরের মধ্যে এসব আপত্তি ও দাবির নিষ্পত্তি করা হবে। সর্বশেষ ২০ অক্টোবর সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণের প্রক্রিয়া শেষ হবে।