মুস্তাফা জামান আব্বাসীর নাতি আরমানের মৃত্যুতে নিউ ইয়র্কে শোকের ছায়া


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে তরুণ চিকিৎসক আরমান সোবহানের অকাল প্রয়াণে। প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র এই মেধাবী ডাক্তারকে মঙ্গলবার সকালে ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মাত্র ২৯ বছর বয়সে এই করুণ পরিণতি তার পরিবারকে ভেঙে পড়তে বাধ্য করেছে।

আরমান সোবহান ছিলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের শিক্ষার্থী এবং সম্প্রতি নিউ ইয়র্কের একটি হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে কাজ শুরু করেছিলেন। কেবল চিকিৎসাবিদ্যায় নয়, পারিবারিক সাংস্কৃতিক ধারাকে বহন করে তিনি ছিলেন একাধিক বাদ্যযন্ত্রে দক্ষ। তার মৃত্যুতে পরিবার ও বন্ধুমহল ছাড়িয়ে শোকস্তব্ধ হয়েছে গোটা কমিউনিটি। তার দেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে এবং শুক্রবার তাকে সেখানেই সমাহিত করা হবে।