ডেঙ্গু আতঙ্কে দেশ: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। এদেশ, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৯৩ জন। এরমধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৪০ জন রোগী। ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮২ জন বরিশাল বিভাগ থেকে, যেখানে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকা থেকে মোট ১১২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ২৭ জনের। গত বছরের ভয়াবহ পরিস্থিতির তুলনায় এ বছর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে ডেঙ্গুর প্রকোপ।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবিলায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে।