হাইকোর্টের ঐতিহাসিক রায়: জাতিসংঘের জুলাই প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ রায় দেন। রায়ে আগামী তিন মাসের মধ্যে ‘জুলাই রেভোলিউশন-২০২৪’ শিরোনামে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর কার্যক্রম নিয়ে তৈরি জাতিসংঘের প্রতিবেদনটিকে এই মর্যাদা দেওয়া হলো। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৎকালীন সরকারের নির্দেশনায় নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অভিযান চালায়। এতে ১,৪০০ এরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন।

রায়ে আরো উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে নির্বাচিত সরকার যেন এই মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে, সেজন্য মামলাটি চলমান থাকবে। রিট পিটিশনকারীর পক্ষে অ্যাডভোকেট তানভীর আহমেদ বলেন, এই রায় নিপীড়নকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সুগম করবে।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে, নিরাপত্তা বাহিনী শিশু ও নারীদেরও লক্ষ্যবস্তু করেছে। নথিভুক্ত ঘটনায় প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের মতো ভয়াবহ ঘটনাও সংঘটিত হয়েছে। এই প্রতিবেদন এখন একটি দাপ্তরিক ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পেল।