:: নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নিয়েই সাদাপাথর লুটপাটের ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, জনগণ ও সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
নবনিযুক্ত ডিসি বলেন, চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার ও পুনঃস্থাপন, ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার ও জনগণের সমর্থন পেলে কোনো অপশক্তিই সাদাপাথর বা সিলেটের পর্যটন এলাকার কোনো ক্ষতি করতে পারবে না।
এদিন তিনি ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ও নদীপথে পাথর লুট হওয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :