রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে চার শিশু ও তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ১১৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃতদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৪ ও ৭ বছর বয়সী দুই শিশু, মুগদা মেডিকেলে মারা গেছেন ২৬ বছরের এক তরুণী এবং ঢাকা মেডিকেলে মারা গেছে ১৫ বছরের এক কিশোর।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। অগাস্টের ২৩ তারিখ পর্যন্ত মারা গেছেন আরও ৩১ জন। এছাড়া জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন ও মে মাসে ৩ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে।
এর মধ্যে জুলাই মাসেই সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন ভর্তি হয়েছেন। জুনে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন, অগাস্টের প্রথম ২৩ দিনে ভর্তি হয়েছেন ৭ হাজার ২২২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১,৩০৭ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৬৭ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত তথ্য রাখা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন রেকর্ড ১,৭০৫ জন।
আপনার মতামত লিখুন :