ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি করা হয়েছে। পটুয়াখালীর বর্তমান ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এ ছাড়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনায় এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনায় নিয়োগ দেওয়া হয়েছে।