কক্সবাজার: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, “আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক বছর আগে ভয়াবহ হত্যাযজ্ঞের পর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে।”
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসন ও অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সহায়তা, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে নিরাপত্তা ও জীবিকা নিশ্চিতকরণ, গঠনমূলক সংলাপ, আসিয়ান ও আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।
আপনার মতামত লিখুন :