আড়াই বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দীর্ঘ আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ভারতের একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। প্রথম দিনে বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর।

এস এম ওয়েল ট্রেডার্স পেঁয়াজ আমদানির দায়িত্বে থাকলেও রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। প্রতি মেট্রিক টনের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ ডলার বা প্রায় ৩৭,৪২৯ টাকা। পণ্য খালাসের আগে মান পরীক্ষা করা হয় এবং তা মানসম্মত হওয়ায় অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগ মূলত বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও অতিমুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। যদিও দেশের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, কিন্তু সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে রক্ষার জন্য আমদানি করা হলো।