ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল রুমমেট রবিউল হককে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে এবং হল প্রশাসন বাদী হয়ে মামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জালালের প্রার্থিতা বহাল থাকবে কি না সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ঘটনার পর মুহসীন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শতাধিক শিক্ষার্থী জালালের কক্ষ ঘেরাও করে তার বহিষ্কারের দাবি তোলে। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হামলা হয়। রবিউল অভিযোগ করেন, জালাল রাতে অযথা শব্দ করায় বাধা দিলে তাকে গালাগাল ও হামলা করে। অন্যদিকে জালাল নিজের ফেসবুকে পাল্টা দাবি করে জানান, তিনিই রুমমেটের হাতে আক্রান্ত হয়েছেন এবং রবিউল অবৈধভাবে হলে অবস্থান করছে।
হলের প্রভোস্ট তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, এ ঘটনার কোনো প্রভাব ডাকসু নির্বাচনে পড়বে না। তবে জালালের বিরুদ্ধে পূর্বের অভিযোগগুলোও পুনরায় খতিয়ে দেখা হবে। জানা যায়, এর আগেও রবিউল প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন যে তিনি ‘মৃত্যু ঝুঁকিতে আছেন’।
আপনার মতামত লিখুন :