রাজধানীর সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে: প্রেস উইং


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, খুব শিগগিরই রাজধানী ঢাকার সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছিল, যার ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অকার্যকর রুটে চলা বাস ঢাকার যানজটের বড় একটি কারণ; এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, নতুন ব্যবস্থায় সব বাস নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলবে। এর ফলে রুট শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, বাস সার্ভিস ভালোভাবে পরিচালিত হবে এবং ভোগান্তি কমবে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, এবং গণপরিবহন হবে আরও কার্যকর। প্রেস উইং আশা প্রকাশ করেছে, নতুন ব্যবস্থার ফলে ঢাকার যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না, বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।