পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, মৃত্যু কমপক্ষে ১৫


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

পাঞ্জাবের আকাশ ভেঙে পড়া বৃষ্টি আর ভারতের ছেড়ে দেওয়া বাঁধের পানিতে তিনটি আন্তঃসীমান্ত নদী—শতদ্রু, রাভি ও চেনাব—উথালপাথাল হয়ে চারপাশ গ্রাস করেছে। বিপর্যয়কর এই বন্যায় ভেসে গেছে লাখ লাখ একর ফসল, ভেঙেছে অবকাঠামো, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটেছে হাজার হাজার মানুষ।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিয়ালকোটেই প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ পর্যন্ত দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ এলাকায়, আশ্রয়কেন্দ্র ও চিকিৎসা শিবিরে ঠাঁই নিয়েছে মানুষ ও গবাদিপশু।

বর্ষা শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৮০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—এর অর্ধেকই ঘটেছে চলতি মাসে। জাতিসংঘ বলছে, এ বছর বর্ষায় পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ।

সব মিলিয়ে, পাঞ্জাবের বন্যা শুধু নদীর পানি নয়, ভেসে নিচ্ছে মানুষের জীবন, ফসল ও স্বপ্নও।