গুম রোধে মৃত্যুদণ্ডের বিধানসহ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খসড়ায় গুমকে চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

এতে গোপন আটককেন্দ্র স্থাপন বা ব্যবহারকে অপরাধ হিসেবে ঘোষণা, জাতীয় মানবাধিকার কমিশনকে অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা, ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় আরও তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শফিকুল আলম জানান, খসড়াটি এখন নীতিগত অনুমোদন পেয়েছে। এ নিয়ে আরও আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।