নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে ফোন করে তিনি খোঁজখবর নেন। এ সময় তিনি শুক্রবার রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে সংঘর্ষের বিস্তারিত জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে সেনা ও পুলিশ সদস্যদের হামলায় নুরসহ অর্ধশতাধিক কর্মী আহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।