আগামীকাল সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে, আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে দলগুলো সংস্কার ও জাতীয় নির্বাচন সংক্রান্ত মতভিন্নতা বজায় রেখেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

এর আগে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হকের আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শনিবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের এক সভায় নুরুল হকের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।