এক্সিম ব্যাংক একীভূতকরণ নয়, নিজস্ব শক্তিতেই ঘুরে দাঁড়াবে: দুই বছরের সময় চায় ব্যাংক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

একীভূতকরণের তালিকায় থাকা এক্সিম ব্যাংক দুই বছরের সময় চেয়েছে নিজস্ব শক্তিতে পুনরায় স্থিতিশীল হতে। ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানিয়েছেন, ইতিমধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে প্রথম শুনানিতে বাংলাদেশ ব্যাংকের কাছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ উপস্থিত হয়। তবে গভর্নরের অসুস্থতার কারণে নির্ধারিত বৈঠক স্থগিত হয়।

চেয়ারম্যান স্বপন বলেন, “একীভূত হওয়ার কারণে এখন আর কোনো ডিপোজিট হচ্ছে না। তাই নিজস্ব সম্পদ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। চার ব্রাঞ্চসহ সকলেই প্রচেষ্টা চালাচ্ছে।”

তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার ৪৮.২ শতাংশ, যেখানে ইউনিয়ন ব্যাংকের ৯৭.৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মার্জার বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে, সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য দেড় লাখ কোটি টাকা লাগার সম্ভাবনা রয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূতকরণের পক্ষে অবস্থান নিয়েছে। এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, “সফল একীভূতকরণ দেশের আর্থিক খাতে নতুন সুযোগ তৈরি করবে।”

অন্যদিকে, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯ জন শেয়ারহোল্ডার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে একীভূতকরণ থেকে ব্যাংকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রকৃত উদ্যোক্তাদের হাতে ব্যাংক পরিচালনা দিলে এটি পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।