সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে সকালে হাজিরা দিতে আদালতে আসেন তিনি। সাবেক ডিসিকে একনজর দেখতে সাধারণ মানুষের ভিড় জমে আদালত প্রাঙ্গণে।
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাসা থেকে তুলে নিয়ে চোখ বেঁধে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরদিনই মাদক মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় মুক্তি পাওয়ার পর আরিফুল আদালতে মামলা দায়ের করেন, যা এখনও চলমান।
সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পাওয়া সুলতানা পারভীন মঙ্গলবার স্থায়ী জামিন চাইতে আদালতে আসেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :