জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গিয়ে তিনি বলেন, “এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে, যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি। দেশবাসী, নিহত ও আহতদের পরিবার এবং ব্যক্তির কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আসামি।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ক্যামেরা ট্রায়ালে দেওয়া মামুনের জবানবন্দি মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ। এর আগে এ মামলায় ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজ দায় স্বীকার করে স্বপ্রণোদিতভাবে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি মামুন। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা ইতোমধ্যেই ওই সময়ের হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :