রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের সংকেত নিয়ে বিরোধের জেরে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঘটে এ ঘটনা।
আহত এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সিগনাল নিয়ে বিতর্কের একপর্যায়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথমে পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান এবং হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর তিনি ১০–১২ জনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফিরে এসে দুই ট্রাফিক পুলিশকে বেধড়ক মারধর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, হামলাকারীরা কিল-ঘুষি ও লাথি মারতে মারতে দুই পুলিশ সদস্যকে গুরুতর আহত করে। পরে আনোয়ার হোসেনকে আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :