গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নুরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় মারিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙা এবং চোয়াল ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর প্রয়োজন।
এই সময় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি বলেন, নুরের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও চলছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।
আপনার মতামত লিখুন :