ঢাকা: বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। মনোনয়নটি ইতোমধ্যেই সিনেটে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তিনি বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বাংলাদেশের সঙ্গে তার আগের অভিজ্ঞতা রয়েছে—২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই সংবেদনশীল সময়ে অভিজ্ঞ কূটনীতিক হিসেবে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী।
একই ঘোষণায় হোয়াইট হাউস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুস—জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ফ্লোরিডার সার্জিও গর—ভারতে রাষ্ট্রদূত হিসেবে, স্টেফানি হ্যালেট—বাহরাইনে, মিসৌরির উইলিয়াম লং—আইসল্যান্ডে এবং আইওয়ার জেমস হোল্টসনাইডার—জর্ডানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে।
মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেন্ট ক্রিস্টেনসেনই সর্বোত্তম পছন্দ। আশা করি, মার্কিন সিনেট দ্রুত তার মনোনয়ন অনুমোদন করবে।”
আপনার মতামত লিখুন :