ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত সংসদ সদস্যসহ মোট ২২ আসামির ভার্চ্যুয়াল হাজিরা গ্রহণ করেছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে এ হাজিরা গ্রহণ করেন।
হাজিরা দেওয়া আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও এমপি সালমান এফ রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এমপি আহমেদ হোসেন, মমতাজ বেগমসহ আরও অনেকে।
এছাড়া তালিকায় ছিলেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সাবেক পুলিশ কর্মকর্তা ও আমলারা।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ, বাড্ডা, কাফরুল, ভাষানটেক, নিউমার্কেট, শাহবাগ, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল।
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ঝুঁকি ও জনরোষ এড়াতেই আসামিদের কারাগারে রেখেই ভার্চ্যুয়াল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। আদালত সংশ্লিষ্টরা জানান, এ ব্যবস্থায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়েছে।
আপনার মতামত লিখুন :