জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরীফা কাদের

স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, জি এম কাদের ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাদের নামে দেশে-বিদেশে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, তারা এসব সম্পদ হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন।

দুদকের মতে, তারা দেশ ছাড়তে পারলে চলমান তদন্ত মারাত্মকভাবে ব্যাহত হবে। এজন্যই আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।