সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মানবতাবিরোধী মামলার আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ সংক্রান্ত আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এ নতুন ধারা ২০ (সি) সংযোজন করা হয়েছে। এর ফলে কারও বিরুদ্ধে সেকশন ৯ (১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি কিংবা মেয়র, চেয়ারম্যান, প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।

এমনকি অভিযুক্তরা সরকারি চাকরিতেও নিয়োগ পাওয়ার সুযোগ হারাবেন বলে জানানো হয়।

এই সংশোধনীর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখার সব পথ কার্যত বন্ধ হয়ে গেল।