জামিন পাননি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল বৈঠক থেকে আটক হওয়ার পর রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নার জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেন এবং যুক্তি দেন যে আলোচিত বৈঠকে কোনো রাষ্ট্রবিরোধী তৎপরতা হয়নি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আবেদনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ডিআরইউতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। একদল ব্যক্তি সভাস্থলের দরজা বন্ধ করে কয়েকজনকে লাঞ্ছিত করেন এবং বৈঠকের ব্যানার ছিঁড়ে ফেলেন। এসময় লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল ইসলাম পান্নাসহ কয়েকজনকে আসামি করা হয়।