:: নিজস্ব প্রতিবেদক ::
দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। পাচারের অর্থে ২২৬টি ফ্ল্যাট কেনা, ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও ব্যাংক হিসাব পরিচালনার প্রমাণ পেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তদন্তে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুবাইয়ের বিভিন্ন এলাকায় সাইফুজ্জামান চৌধুরী বিপুল পরিমাণ অর্থে বিলাসবহুল ফ্ল্যাট কেনেন। পাশাপাশি স্ত্রীর নামে সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান জেবা ট্রেডিং এফজেডই ও র্যাপিড র্যাপটর এফজেডই প্রতিষ্ঠার তথ্য পাওয়া গেছে। দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে তাদের নামে চারটি হিসাবেরও সন্ধান মিলেছে, যেখানে শত কোটি টাকার লেনদেন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশে বিনিয়োগ ও সম্পত্তি কেনার জন্য সরকারের কোনো অনুমতি পাননি তিনি। ফলে এ কার্যক্রমকে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সিআইডি।
এই ঘটনায় সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান ও আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা (নং–১০, তারিখ: ০৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। সিআইডি জানিয়েছে, অর্থপাচারের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অপরাধে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :