প্রধান উপদেষ্টা

মহানবী (সা.) এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর অনুপম জীবনাদর্শ ও সুন্নাহ বিশ্বশান্তি প্রতিষ্ঠার দিশা দেখায়। তাঁর সর্বজনীন শিক্ষা আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে ন্যায়, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)–এর আদর্শই মুসলমানদের কল্যাণ, সফলতা ও শান্তির মূল চাবিকাঠি।

তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, যিনি মানবজাতিকে অন্ধকার থেকে মুক্তির আলোয় নিয়ে এসেছেন। কুরআনে তাঁর জীবনকে বলা হয়েছে ‘উসওয়াতুন হাসানাহ’ বা সর্বোত্তম আদর্শ।

ড. ইউনূস দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে বলেন, মহানবীর শিক্ষা ও জীবনাদর্শ যুগে যুগে মানবতার মুক্তির দিশারি হয়ে থাকবে। তিনি সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার প্রার্থনা করেন।